ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস দুপুর দেড়টার দিকে আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশাটিতে থাকা সাত যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।