বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ : কাদের

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭৪ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০০ অপরাহ্ণ
ছবি : ফাইল

ডেস্ক রিপোর্ট : কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়, আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। বিএনপিসহ আন্দোলনরত অন্যান্য বিরোধী দলগুলোর প্রতি এ হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রতিদিনই কর্মসূচি চলবে বাংলাদেশের যেকোনও জায়গায়। কখনও সম্মেলন, কখনও শান্তি সমাবেশ, কখনো গণসংযোগ এই ভাবে। আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে, জনগণের ঘরে ঘরে যাবে।

তিনি আরো বলেন, ‘জনগণের কাছে এখনও ডাক দিয়ে সাড়া ফেলতে পারেননি। সংবিধান থেকে এক চুল আমরা নড়বো না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কোনও নড়নচড়ন হবে না। তত্ত্বাবধায়ক সরকার একেবারেই ভুলে যান। ওই অস্বাভাবিক ও অসাংবিধানিক সরকার বাংলাদেশে আসবে না।

সরকারের পদত্যাগের দাবির জবাবে তিনি বলেন, সরকার পদত্যাগ করবে কেন? মামাবাড়ির আবদার? কোন দোষে সরকার পদত্যাগ করবে। কী কারণে নির্বাচনের আগে সরকারের পতন হবে। কারণটা কী? হাওয়া ভবনের যুবরাজকে ক্ষমতায় বসানোর জন্য? খাম্বা সরকারকে বাংলাদেশের মানুষকে আর ক্ষমতায় বসতে দেবে না।

তিনি বলেন, কাউকে নামতে দেবো না, এই কথা বলবো না। সবাইকে নামুক। রাজপথ সবার। আপনাদের (বিএনপি) আমরা ভয় পাই না। ভয় পায় অগ্নি সন্ত্রাসকে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর