শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

আদালত চত্বর থেকে জঙ্গী ছিনিয়ে নেয়া চক্রের প্রধান সমন্বয়ক ও তার সহযোগী গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৮৫ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৫:৪০ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের আভিযানিক একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে গত ০৭ এপ্রিল শুক্রবার নারায়নগঞ্জ জেলার সাইনবোর্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম” এর জঙ্গী সদস্য ছিনিয়ে নেয়া চক্রের প্রধান সমন্বয়ক ও তার সহযোগীসহ মোট ০২ জনকে গ্রেফতার করেছে।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফাতেমা তাসনীম ওরফে শিখা (৩১) এবং হুসনা আক্তার ওরফে হুসনা (২২)।

উল্লেখ্য, গত ২০/১১/২০২২ তারিখে সিএমএম কোর্ট ভবনের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল নং—৮ এ হাজিরা প্রদান শেষে C/W মূলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এর সদস্য হাজতী আসামী মইনুল হাসান শামিম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান (২৪), মোঃ আবু সিদ্দিক সোহেল (৩৪), মোঃ আরাফাত রহমান (২৪) এবং মোঃ আব্দুস সবুর’গনদের সিএমএম কোর্ট এর হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সিএমএম কোর্ট এর মূল ফটক এর সামনে পৌঁছামাত্র নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এর অজ্ঞাতনামা সদস্যগণ উক্ত ০৪ জন আসামীকে ছিনিয়ে নেওয়ার জন্য কর্তব্যরত পুলিশের উপর হামলা করে এবং একপর্যায়ে আসামী মইনুল হাসান শামিম ওরফে সিফাত (২৪) এবং আসামী মোঃ আবু সিদ্দিক সোহেল (৩৪)’দ্বয়কে ছিনিয়ে নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।

এই ঘটনায় পলাতক জঙ্গী আবু সিদ্দিক সোহেল এর স্ত্রী ফাতেমা তাসনীম ওরফে শিখা পলাতক আসামীগণ এবং হামলাকারী সংগঠনের সদস্যদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফাতেমা তাসনীম শিখা ২০১৪ সালে MIST হতে প্রথম শ্রেণীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। একপর্যায়ে তার ভাই মোজ্জাম্মেল হোসেন ওরফে সাইমনের মাধ্যমে সে আনসার আল ইসলামের আদর্শে দীক্ষিত হয় এবং পরবর্তীতে সায়মনের মাধ্যমে আবু সিদ্দীক সোহেলের সাথে তার বিয়ে হয়।

উল্লেখ্য, সোহেল আনসার আল ইসলামের সামরিক (আসকারি) শাখার সদস্য ছিলেন। সোহেলের সাথে বিয়ের পর থেকে সে আরোও গভীরভাবে সংগঠনের সাথে জড়িয়ে পড়ে। ২০১৭ সালে মুক্তমনা ব্লগার অভিজিত রায়, দিপন ও নীলাদ্রি নিলয় হত্যা মামলার আসামী হিসাবে আবু সিদ্দিক সোহেল গ্রেফতার হয়। গ্রেফতারের পর থেকে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে গ্রেফতারকৃত শিখা কারাবন্দী সোহেলসহ সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ বজায় রেখে সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ শুরু করে।

জঙ্গী ছিনতাইয়ের পরিকল্পনা সম্পর্কে গ্রেফতারকৃতরা আরও জানায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম” এর শীর্ষ নেতৃবৃন্দের পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক গত ২০/১১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের কার্যক্রম শেষে পুলিশের উপর আক্রমন করে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। ফাতেমা তাসনীম শিখা (৩১) এই কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। পরিচয় গোপন করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার আল ইসলাম” এর সদস্যরা জঙ্গী ছিনতাইয়ের পুরো পরিকল্পনা, প্রস্তুতি ও সমন্বয় করার উদ্দেশ্যে ঢাকা এবং এর পার্শবর্তী জেলায় একাধিক আনসার হাউস ভাড়া নেয়। সেখানে আনসার আল ইসলামের শীর্ষ এবং সামরিক শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা আয়মান এবং শিখাসহ অজ্ঞাতনামা আনসার আল ইসলাম সদস্যদের নিয়ে নিয়মিত মিটিং করত।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার প্রায় ৬ মাস আগে থেকে জঙ্গী ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হতে সিজেএম কোর্টে হাজিরা দেয়ার সময় এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হয় এবং পরিকল্পনার সমন্বয়ক হিসাবে শিখাকে দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে ঘটনার দিন সে সিএমএম কোর্ট এলাকায় এসে পৌঁছে কৌশলে তার বাবার কাছ থেকে বিছিন্ন হয়ে ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্ব দেয়া মশিউর রহমান ওরফে আয়মান’সহ আনসার আল ইসলামের সদস্যের সাথে যোগাযোগ করে পুরো পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র কোতয়ালী থানায় সন্ত্রাস ও জঙ্গী বিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বর্তমান সংবাদ/আরআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর