বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

আশুলিয়া মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৩৫৫ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ

সাভার : কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও সারাদেশে ৬ জন নিহতের ঘটনায় ঢাকার আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এসময় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল, নতুন ইপিজেডের সামনে এবং জিরানী বাজার এলাকা অবরোধ করে রাখে। শ্রমিক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিয়ে সড়িয়ে দেয় এবং বাইপাইলে অবস্থান নেয়।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার, নতুন ডিইপিজেডের সামনে অবরোধ করে বিক্ষোভ করে। পরে তারা বাইপাইলে অবস্থান নেয়। এসময় প্রায় দেড় ঘণ্টার মত এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা ১১ টার দিকে জিরানী বাজার এলাকায় আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজ, বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজ, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ এবং সরকারি বঙ্গবন্ধু কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সহ মিছিল করতে থাকে। এসময় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের রাস্তা থেকে সড়াতে চাইলে বাক বিতন্ডা হয়। শিক্ষার্থীরা অরায় দেড় ঘন্টা পর দুপুর একটার দিকে সড়ক থেকে চলে যায়।

এদিকে, একই মহাসড়কের নতুন ডিইপিজেড এলাকায় আশুলিয়ার সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে তারা অংশ নিয়েছেন। এসময় শ্রমিক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিয়ে সড়িয়ে দেয়। পরে বাইপাইল মোড় তাদের দখলে নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে এবং বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের ভাই ও বোনদের ওপর হামলা চালানো হয়েছে। নির্বিচারে গুলি করে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এছাড়া কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর