শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ইন্ডিয়ান ওশান কনফারেন্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫২ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১:৪৫ অপরাহ্ণ
ফাইল ছবি

 

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দুই দিনব্যাপী ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) উদ্বোধন করবেন। আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা জোরদারে আলোচনার জন্য এতে অন্তত ২৫টি দেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিরা যোগ দেবেন।

কোভিড-পরবর্তী অবস্থা এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পিস, প্রসপ্যারেটি অ্যান্ড পার্টনারশিপ ফর আ রেসিলিয়েন্ট ফিউচার’।

এর আগে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা আশা করছি, এই কনফারেন্স থেকে ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলো যে সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা মোকাবিলায় কিছু সুপারিশ আসবে- যা এই এলাকার ভবিষ্যত কর্মপরিকল্পনা প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, ‘এই আইওসি আয়োজনের মাধ্যমে ভারত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব আরও জোরদার হবে।’

মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রুপুন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শংকরসহ ২৫টি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রী এই সম্মেলনে যোগ দিচ্ছেন।

এছাড়া ডি ৮, সার্ক ও বিমসটেকের প্রতিনিধিসহ প্রায় ১৫০ বিদেশি অতিথি সম্মেলনে অংশ নেবেন। অংশগ্রহণকারী মন্ত্রীরা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথিদের সম্মানে এক নৈশ্যভোজের আয়োজন করবেন।

ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) ২০১৬ সালে শুরু হয়েছিল এবং গত ছয় বছরে এটি আঞ্চলিক বিষয়ে এই অঞ্চলের দেশগুলির জন্য একটি ফ্ল্যাগশিপ পরামর্শমূলক ফোরাম হিসাবে আবির্ভূত হয়েছে। সম্মেলনটি এতদাঞ্চলের সকলের নিরাপত্তা ও প্রবৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনার ক্ষেত্র উন্মোচনে এই অঞ্চলের দেশগুলো এবং প্রধান সামুদ্রিক অংশীদারদের একটি অভিন্ন মঞ্চে একত্রিত করার একটি প্রয়াস।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর