শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

একই পরিবারের ৩ জন সহ নোয়াখালী ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

ডেস্ক রিপোর্ট / ২১১ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪, ১:০৭ অপরাহ্ণ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারের যাত্রী একই পরিবারের ৩ জন এবং নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার (০৩ মে) রাত পৌনে ২টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে এবং শনিবার (০৪ মে) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জে নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫০), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০) ও তার মামী রাহেলা বেগম (৫০)।
আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেটকার চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)। তবে নোয়াখালীতে নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে প্রাইভেটকারটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।
এ সময় কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে আলমগীর হোসেনসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পরে চালকসহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান জানান, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চালছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে ডুবে গেলে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর