বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যা ; নেত্রকোনা থেকে বাবা গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩১ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩, ১১:২২ অপরাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : গাজীপুরের জয়দেবপুরে মাদকাসক্ত ছেলে আশরাফুল আলমকে জবাই করে হত্যা করে বাবা ওমর ফারুক ওরফে সবুজ। ঘটনার পর থেকেই পলাতক ছিল ওমর ফারুক। তবে ঘটনার পরের দিন নেত্রকোনার কেন্দুয়া থানাধীন কান্দুরা এলাকা থেকে একমাত্র আসামী চ্ছেলে হত্যাকারী বাবাকে গ্রেফতার করে পিবিআই গাজীপুর জেলা।

পিবি আই জানায়, নিহত আশরাফুল আলম তার বাবা ওমর ফারুক ওরফে সবুজ এবং মা দিলুয়ারা আক্তার ওরফে আঙ্গুরার সাথে গাজীপুরের জয়দেবপুর বানিয়ারচালা উত্তরপাড়া এলাকায় বসবাস করতো। সে একজন উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। সে সদা সর্বদাই নেশা জাতীয় দ্রব্য সেবন করে বাসায় এসে পুনরায় নেশা করার জন্য বাবা-মায়ের কাছে টাকা দাবী করতো। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে তার মাতা-পিতাকে প্রায় সময়ই শারীরিক ও মানসিকভাবে অত্যাচার নির্যাতন করে আসছিলো।

এরই সূত্র ধরে গত ০৫ মে রাত সাড়ে ৮টার দিকে আশরাফুল স্থানীয় বাজার থেকে একটি ধারালো চাপাতি কিনে আনে এবং বাসায় এসে তার বাবার কাছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ৭ হাজার টাকা চায়। কোন টাকা দিতে পারবেনা জানালে চাপাতি দিয়ে তার বাবা মাকে খুন করবে বলে হুমকি দেয়।

একইদিন রাতে ভয়ে তার মা পাশের অন্য এক ভাড়াটিয়ার কক্ষে ঘুমাতে যায়। এমতাবস্থায় ৬ মে রাত সাড়ে ৩ টার দিকে ওমর ফারুক ওরফে সুবজ তার স্ত্রীকে মোবাইল ফোনে দ্রুত ঘরের বাইরে আসতে বলে। পরে তাকে নিয়ে জয়দেবপুর থানাধীন শিরিরচালা বাঘের বাজার বাস স্ট্যান্ডে আসে এবং তার স্ত্রী ছেলে আশরাফুলকে ঘুমন্ত অবস্থায় চা পাতি দিয়ে জবাই করে হত্যার বিষয়টি জানায়।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং ঘটনায় নিহতের মা বাদী হয়ে তাঁর স্বামী মোঃ ওমর ফারুক এর বিরুদ্ধে জয়দেবপুর থানার মামলা নং-০৯ তারিখ-০৭/০৫/২০২৩ খ্রিঃ ধারা-৩০২ পেনাল কোড আইনে হত্যা মামলা দায়ের করেন।

সূত্রে বর্ণিত মামলার ঘটনার পর থেকে পিবিআই ছায়া তদন্ত শুরু করে। মামলাটি পিবিআই এর সিডিউলভূক্ত হওয়ায় পিবিআই গাজীপুর জেলা মামলাটি অধিগ্রহণ করলে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হাফিজুর রহমান পিপিএম মামলাটির তদন্তভার গ্রহণ করলে নেত্রকোনা থেকে মামলায় একমাত্র আসামীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, আশরাফুল আলম তার বড় ছেলে। চাকরির সুবাদে গাজীপুরের জয়দেবপুরে বাসা ভাড়া থাকতেন। সে তাদের সাথে মাঝে মধ্যে বসবাস করতো। আশরাফুল নিজে নিজে ৭/৮ টি বিয়ে করেছে। বিভিন্ন জায়গায় চুরি করে। সে তাঁর ছেলে আশরাফুল আলমকে প্রতিবাদ করায় বিভিন্ন সময় তাকে ও তার স্ত্রী মারপিট করে। ঘটনার দিন রাতে ভিকটিম আশরাফুল আলম একটি ধারালো চাপাতি কিনে এনে তার প্রাপ্ত বেতনের ৯ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা দাবী করে। টাকা না দিলে আশরাফুল তাকে কেটে টুকরা টুকরা করবে বলে হুমকি দিয়ে ঘুমিয়ে পড়ে। পরে রাতেই তাকে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বিপিএম বলেন, ঘটনায় জড়িত এজাহার নামীয় একমাত্র আসামি ওমর ফারুক ওরফে সবুজ ও আশরাফুল সম্পর্কে পিতা-পুত্র। মাদকাসক্ত ছেলের অত্যাচার নিযার্তন সইতে না পেরে ক্ষোভে দুঃখে পিতা তাঁর সন্তানকে জবাই করে হত্যা করেছে।

তিনি বলেন, গত ইং ৭ মে ২০২৩ তারিখ হত্যাকান্ডের সাথে জড়িত একমাত্র আসামি ওমর ফারুক ওরফে সবুজকে নেত্রকোনার কেন্দুয়া থানাধীন কান্দুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ছেলেকে জবাই করে হত্যা করার কথা স্বীকার করলে তাকে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের লক্ষে ০৮ মে ২০২৩খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বর্তমান সংবাদ/আরআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর