বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান ওবায়দুল কাদেরের

ডেস্ক রিপোর্ট : / ২৮৭ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ
ফাইল ছবি

নোয়াখালী : বিএনপি-জামায়াতের গুজব ও প্রচারে বিভ্রান্ত না হয়ে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট) আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকায় সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি।

এ সময় ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, `৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তাদের দোসররা নাশকতা অগ্নিসংযোগসহ ব্যাপক সন্ত্রাসী তৎপরতা শুরু করেছে। গতকাল তারা ঢাকার গুপিবাগে ট্রেনে অগ্নিসংযোগ করে দুইজন শিশুসহ চারজনকে হত্যা করেছে। এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপি-জামায়াত অপশক্তি দেশকে ধ্বংস করতে চায়, শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে চায়। তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।’

বিএনপির ভোট বর্জন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ভোট বর্জনের ডাক দিয়েছে এবং তারা প্রতিনিয়ত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনবিরোধী অপপ্রচার করে যাচ্ছে। এই অপশক্তির কাছে বাংলাদেশ মাথানত করেনি এবং ভবিষ্যতেও করবে না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সারাদেশে শান্তিপূর্ণ ভোট হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। বিদেশী পর্যবেক্ষক সাংবাদিক যারা এসেছেন তারাও নির্বাচন পর্যবেক্ষণ করবেন। আজকে যে অপশক্তি নির্বাচন বর্জন করেছে তাদের সন্ত্রাসী চরিত্রের প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। তারা বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে। বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের কাছে আমরা এই সন্ত্রাসীদের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি।’

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, `নিজেদের সাংবিধানিক অধিকার বাস্তবায়ন করতে ভোট দিবেন। কোনো প্রকার হস্তক্ষেপ ও ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। যারা ভোট প্রদানে বাধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করুন।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবেন, বিএনপি যেন নাশকতা করতে না পারে। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। কেউ যেন বিজয় ছিনিয়ে না নিতে পারে এজন্য সতর্ক থাকুন। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে আবার সরকার গঠন করবে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনের পরেও নাশকতা চালিয়ে যেতে পারে, এর কঠোর জবাব দিতে হবে। নির্বাচন হয়ে যাওয়ার পর কোনো সন্ত্রাসী পার পাবে না।’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর