বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে অপহৃত ৬ কৃষক

ডেস্ক রিপোর্ট / ১২৫ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ণ
টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে অপহৃত ৬ কৃষক

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে স্থানীয় ৬ জন কৃষক অপহরণের শিকার হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অপহৃতরা হলেন- মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম প্রকাশ মাহাত আলম (১৮), জাহিদ হোসেন প্রকাশ মুন্না (৩০), মোজাহের (৬০) ও মোস্তাক (১২)। তারা সকলেই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এসময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখান থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।

অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, ‘আমার ছেলে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা চরম উদ্বেগে আছি।’

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন চন্দ্র রুদ্র মুঠোফোনে জানান, হোয়াইক্যংয়ের মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পেয়েছি। তাদের উদ্ধারে অভিযান চলছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর