বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

দুই সপ্তাহের মধ্যেই চালের দাম সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ২৯৫ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ

ঢাকা : দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দুঃখজনকভাবে বেশ কিছুদিন ধরেই চালের দাম বেড়ে আছে। দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। চিকন যে চাল বিশেষ করে নাজিরশাইল বা মিনিকেট এটা কিন্তু বোরো মৌসুমের চাল থেকেই আসে।

চলতি বছর আবহাওয়া ও বিদ্যুতের অবস্থা ভালো ছিল উল্লেখ করে তিনি বলেন, সারের সরবরাহসহ সামগ্রিক বিষয়ও ভালো ছিল। আমরা মনে করছি আল্লাহর রহমতে আমাদের ফসল তথা ধানেও একটা বরকত আসবে। আশা করি নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।

তিনি আরও বলেন, কৃষিপণ্য একটা গতিশীল জিনিস। তবে সমস্ত পণ্যে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রেখে যে ব্যবস্থাপনা করা যায় সেটাই করছি।

ট্রাম্পের প্রতিনিধি দল বাংলাদেশে এলে দুই দেশের বাণিজ্য নিয়ে কথা বলার সম্ভাবনা আছে কিনা— জানতে চাইলে তিনি বলেন, একমাত্র এ বিষয়টিই গুরুত্ব পাবে।

এদিকে, দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর এটা করা হয়েছে আন্তর্জাতিক বাজার দর ও ট্যারিফ কমিশনের নির্ধারিত প্রক্রিয়া মেনে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর