বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

নিজ বাড়িতে প্রধানমন্ত্রীকে বরণ করতে মিঠামইনে রাষ্ট্রপতি

বর্তমান সংবাদ ডেস্ক : / ২০১ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতির বাড়িতে অতিথি হয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে একদিন আগেই কিশোরগঞ্জের মিঠামইনে গেছেন আব্দুল হামিদ। দুইযুগ পর বঙ্গবন্ধু কন্যার সফর ঘিরে হাওড়জুড়ে উৎসবের প্রস্তুতি। মিঠামইনে নবনির্মিত সেনানিবাস উদ্বোধন করে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

হাওড়; দেশের উত্তর পূর্বাংশের একটা বড় অংশেই প্রাকৃতিকভাবে এমন জলমগ্ন বাস্তবতা শত বছরের পুরানো। বর্ষা মৌসুম তো বটেই। ভরা শুষ্ক মৌসুমেও এই জনপদে কার্যকর যোগাযোগ ব্যবস্থাও নদীকেন্দ্রিক।

কিন্তু, প্রাগৈতিহাসিক সেই বঞ্চনার চিত্র এখন অতীত। আওয়ামী লীগ সরকারের ২০ বছর দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রায় এমন মসৃণ সড়ক এখন নতুন সম্ভাবনা হাওড়বাসীর। এখানে দিগন্তজোড়া উৎপাদিত ফসলের চালান অনায়াসেই পৌঁছে যাচ্ছে দূর-দূরান্তে। বদলে গেছে সার্বিক চিত্র।

হাওড়বাসীর নিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়নের স্বার্থে মিঠামইনে নির্মিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস। ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের ধারায় হাওড়ে পদাতিক ব্যাটালিয়ন, রিভারাইন ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, এসএসডি ও সিএমএইচ; এই চারটি ইউনিট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নবনির্মিত এই সেনানিবাস।

যার উন্নয়ন দর্শনে চিত্র বদলে গেছে এই অঞ্চলের। সরকার প্রধান শেখ হাসিনা এবার দুই যুগ পর মিঠামইনের হাওড়ে যাচ্ছেন। মঙ্গলবার বেলা ১১টায় সেনানিবাস উদ্বোধনের পর স্থানীয় হেলিপ্যাড মাঠে আয়োজিত জনসভাতেও যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা। এতে অন্তত লক্ষাধিক জনসমাগমের আশা স্থানীয়দের।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য, রাষ্ট্রপতির ছেলে রেজোয়ান আহম্মেদ তৌফিক বলেন, ‘প্রধানমন্ত্রী ১৯৯৮ সালে যখন প্রথম কিশোরগঞ্জে এসেছিলেন, তখন হেলিকপ্টার নামানোর মতো জায়গা পাচ্ছিলাম না। ওনাকে বহন করার মতো কোনো গাড়ি-ঘোড়া এখানে ছিলো না। এখন আর অবহেলিত নেই এই অঞ্চল। এই অঞ্চলের মানুষ এখন শহরের মতো বসবাস করছে।’

সার্বিক প্রস্তুতি যখন তুঙ্গে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে একদিন আগেই মিঠামইনে ছুটে এলেন খোদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার বিকেল সাড়ে তিনটার কিছু পরে সেনানিবাসের পাশে তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে সপরিবারে নামেন তিনি। কড়া নিরাপত্তা আর প্রটোকল ভেঙ্গে রাষ্ট্রপতি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, এই সফর নিয়ে তার আবেগের কথা।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘যেহেতু উনি মিঠামইন আসতেছে এবং আমার বাড়িতে আসবেন। সারাজীবন ওনার বাড়িতে গেলে প্রধানমন্ত্রী রিসিভ করেছেন। আমার বাড়িতে তো ওনাকে রিসিভ করতে ছুটে এসেছি।’

নির্ধারিত গাড়িবহরে না গিয়ে, হাওরের বাতাস গায়ে মেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পায়ে হেঁটে নিজ বাসভবনে প্রবেশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর