বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩১৭ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩, ৪:২১ অপরাহ্ণ

লালমনিরহাট থেকে সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইউসুফ আলী (২৫) নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার ভোরে কালীরহাট সীমান্তের মেসেরডাঙ্গা এলাকায় ৮৫৭ নাম্বার মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহজামালের ছেলে।

জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, ‘১০-১২ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন গরু আনার জন্য। সোমবার ভোরে ভারতের সরকারপাড়া এলাকা থেকে তারা গরু আনছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ওপর গুলি ছোড়েন। অন্যরা পালিয়ে বাংলাদেশে আসলেও ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। সোমবার সকালে বিএসএফ নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’

এ তথ্য নিশ্চিত করে ৬১ বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাদেকুল ইসলাম জানান, গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এ ছাড়া নিহত বাংলাদেশির মরদেহ ফেরত পেতে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর