বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নজিরবিহীন: পলক

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭৮ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে বর্তমানে বিশ্বের কোনো দেশের তুলনা চলে না। গত ১৪ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নজিরবিহীন

শুক্রবার রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘ফ্রম ডিজিটাল বাংলাদেশ টুওয়ার্ডস স্মার্ট বালাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময়ই সোনার বাংলা গড়তে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সম্পদ সোনার মানুষ ও মাটিকে গুরুত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে মাত্র ১৪ বছরে বাংলাদেশ এখন একটি মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন বলেছিলেন–স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগে ডিজিটাল বাংলাদেশ উপহার দেবেন–তখন আমাদের দেশে ৪০ শতাংশ ঘরেও বিদ্যুৎ ছিল না। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৬ লাখ। ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেকশন ছিল না। দেশে থ্রিজি নেটওয়ার্কও ছিল না। সেখান থেকে ২০২১ সালে মধ্যম আয়ের দেশে আমরা পরিণত হয়েছি। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হতে চাই। তখন আমাদের মাথাপিছু আয় ১২ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যাবে।’

‘সুনির্দিষ্ট পরিকল্পনা, একটি টাইম ফ্রেম, অ্যাকশন প্ল্যান ও জব ডিস্ট্রিবিউশন–এই চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে। ২০০৮ সালের আগে দেশে ডিজিটাল সেন্টার বলে কিছু ছিল না। ইন্টারনেটের দাম এখন খুবই কম। যার ফলে এখন সারা দেশে ডিজিটাল সেন্টারের মাধ্যমে মানুষ সেবা পাচ্ছে। দুই হাজারের বেশি সেবা ও সরকারের প্রায় ৯০ শতাংশ কার্যক্রম এখন অনলাইনের মাধ্যমে চলছে,’ বলেন পলক।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী ও ২০ লাখ ফ্রিল্যান্সার আইটি সেক্টরে যুক্ত হয়েছেন, যা ডিজিটাল বাংলাদেশের কারণেই সম্ভব হয়েছে।’

জিডিপি নিয়ে পলক বলেন, ‘বর্তমানে জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশ এবং মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ ডলার। এটা ডিজিটাল বাংলাদেশের দৌলতে সম্ভব হয়েছে।’

দেশের জরুরি সেবা ৯৯৯ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও কেউ চিন্তা করল না একটি জরুরি সেবা নম্বর থাকা প্রয়োজন। আমেরিকায় ৫১ বছর আগে শুরু হয়েছিল ৯১১ জরুরি সেবা। সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ২০১৬ সালে বাংলাদেশে জরুরি সেবা ৯৯৯-এর যাত্রা শুরু হয়। শুরুর পর থেকে ৫ কোটির বেশি মানুষকে এই কল সেন্টারের মাধ্যমে সেবা দেয়া হয়েছে। ৩৩৩ থেকে সাড়ে সাত কোটি মানুষকে সহযোগিতা দেয়া হয়েছে। করোনাকালে অনলাইনের মাধ্যমে জরুরি খাদ্যসহায়তা দেয়া হয়েছে।

এখন সরকারের প্রায় ৫২ হাজার ওয়েবসাইট রয়েছে। যার ফলে আজ ডিজিটাল বাংলাদেশ এ জায়গায় এসেছে। গত বারো বছরে ডিজিটাল বাংলাদেশের কারণে কম সময়ে সেবা প্রদানের মাধ্যমে প্রায় ২১ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে।

পলক বলেন, ‘বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে গত কয়েক বছরে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমরা ৩২তম অবস্থানে চলে এসেছি। ই-কমার্সেও আমরা যথেষ্ট সফলতা অর্জন করেছি। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর