বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

বাংলাদেশের মানুষই আমার পরিবার: প্রধানমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬২ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সব মানুষই তার পরিবার। তিনি পঁচাত্তরে তার পরিবার হারিয়েছেন। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তাই দেশের মানুষই পরিবার।

মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের সব কাজই জনগণের কল্যাণে হয়ে থাকে। জনগণের জন্যই আমরা কাজ করছি। আমি পঁচাত্তরে আমার পরিবার হারিয়েছি। আমি নিঃস্ব, রিক্ত আমি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। জনগণের সেবা করাই হচ্ছে আমার একমাত্র কাজ। আপনারা নৌকায় ভোট দেবেন, আমরা উন্নয়ন করব।

আগামী জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জবাসীকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দিলেই দেশের উন্নতি হয়। আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিলে দেশ আরও উন্নত হবে।

শেখ হাসিনা বলেন, ‘আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। দেশের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। জাতির পিতা মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত এ দেশকে গড়ে তোলার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছিলেন। শূন্য হাতে শুরু করে তিনি এত স্বল্প সময়ে দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। কিন্তু ঘাতকরা আমার মা-বাবাসহ ভাইদের হত্যা করে। তাদের এ হত্যার বিচার পর্যন্ত চাওয়ার অধিকার আমার ছিল না। আমরা ক্ষমতায় এসে জাতির পিতার হত্যার বিচার করেছি। মানুষ এখন ন্যায়বিচার পাচ্ছে। আমরা দেশে ন্যায়বিচার নিশ্চিত করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলেই গত ১৪ বছরে দেশে এত উন্নতি হয়েছে, যা বিগত ২৯ বছরেও হয়নি। কিন্তু বিএনপি দেশের জন্য কাজ করেনি। তারা ক্ষমতায় এলেই দেশে সন্ত্রাস, লুটপাট ও চুরিচামারি বেড়ে যায়। বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে। তাদের পক্ষে দেশের কল্যাণে কাজ করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে লুটপাট, অর্থপাচার, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ হত্যা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অকথ্য অত্যাচার করে। মানুষের ওপর অত্যাচার আর শোষণ ছাড়া বিএনপি কিছুই দিতে পারেনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত বা ২০ দলীয় জোট যখনই ক্ষমতায় এসেছে মানুষের দুর্ভোগ বেড়েছে। আর আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণ হয়, ফসল উৎপাদন বাড়ে, মাছ উৎপাদন বাড়ে, তরিতরকারী-ফলফুল উৎপাদন বাড়ে, মানুষ খেয়ে পড়ে সুখে থাকে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার এসেই প্রত্যেকের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না সেই ব্যবস্থা করে দিয়েছি। স্বাস্থ্যসম্মতভাবে মানুষ যাতে বসবাস করতে পারে সেই ব্যবস্থাও করেছি।’

তিনি বলেন, ‘আমার সরকার চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র, মাতৃ সদনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। এ ছাড়াও ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। এখন থেকে যারা ডায়াবেটিসের রোগী তাদেরকে আমরা বিনামূল্যে ইনসুলিন দিয়ে দেব, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে আমাদের দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়।’

হাওড় অঞ্চলের অতীতের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী আঞ্চলিক ভাষায় বলেন, ‘এই হাওড় অঞ্চলে বর্ষাকালে নাও (নৌকায় চলাচল) আর শুকনাকালে পাও (হেঁটে চলা), এইতো অবস্থা ছিল। কিন্তু এখন আর সে অবস্থা নেই। এখন ১২ মাসই মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি।’

দীর্ঘ ২৫ বছর পর দ্বিতীয়বারের মতো মিঠামইন উপজেলা সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে ঢাকা থেকে তিনি মিঠামইনে পৌঁছান।

এরপর বেলা ১১টা ২১ মিনিটে মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে মধ্যাহ্নভোজে অংশ নিতে দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কামালপুরের পৈতৃক নিবাসে পৌঁছান তিনি।

রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেল ৩টায় স্থানীয় হ্যালিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিশোরগঞ্জের মিঠামইনে শেখ হাসিনার জনসভা ঘিরে কানায় কানায় ভরে ওঠে হেলিপ্যাড মাঠ। মিঠামইনসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ মাঠে উপস্থিত হন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর