বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সরকারি মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার শিকার যুবক

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৬ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৭ অপরাহ্ণ

আসাদুর রহমান, যশোর : যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইউসুফ আলীর ব্যবহৃত সরকারি মোটরসাইকেল চালানোর সময় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন রনি (২৪) নামের এক যুবক

রবিবার রাতে তিনি যশোর থেকে বেনাপোলে তার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে শার্শার শ্যামলাগাছী নামক স্থানে আসলে অপর দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে তার সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহত রনি সহ ওই মোটরসাইকেলের অজ্ঞাত এক দম্পতি মারাত্মকভাবে আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইউসুফ আলীর ব্যবহারের জন্য মোটরসাইকেল সরকারি ভাবে বরাদ্ধ দেয়া হয়। নিয়োগ দেওয়া হয় একজন সরকারি ড্রাইভারও। কিন্তু সরকারি ড্রাইভারকে সিভিল সার্জন অফিসে কাজে লাগিয়ে রনি নামের একজন যুবককে ড্রাইভার হিসেবে রেখেছেন।

সরকারি জিপ গাড়ি সহ মোটরসাইকেলটিও রনি চালান। প্রকৃতপক্ষে সরকারি ড্রাইভার থাকা সত্ত্বেও বাহিরের লোক দিয়ে সরকারি গাড়ি ব্যবহারের কোন এখতিয়ার আছে কিনা তা নিয়ে প্রশ্ন জন সাধারণের মাঝে।

খোঁজ নিয়ে আরো জানা যায়, দীর্ঘ তিন বছর ধরে ডা: ইউসুফ আলী রনি নামের ওই ব্যক্তিকে ড্রাইভার হিসাবে রেখেছেন। মোটরসাইকেলটি সরকারি কোন কাজে ব্যবহার না হলেও সরকারি তেলে নিজের ইচ্ছেমত দিনের পর দিন অবৈধভাবে ব্যবহার করার অভিযোগ রয়েছে।

নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দূর্ঘটনা কবলিত স্থান থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সরকারি গাড়ি বলে জানা গেছে। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আহতদের রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী মোটরসাইকেলটি ড্রাইভার রনি রাতে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে। তার চিকিৎসা চলছে।

রনি সরকারি ড্রাইভার কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারিভাবে যে ড্রাইভার রয়েছে তাকে করোনাকালীন সময় থেকে যশোর সিভিল সার্জন অফিসে রাখা হয়েছে। রনিকে আমার পাবলিক ড্রাইভার হিসাবে কাজে রেখেছি।

এ বিষয়ে যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে রাতেই শুনেছি। সরকারি গাড়ি পাবলিক ড্রাইভারের চালানোর কোন নিয়ম নেই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর