বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

৮ বছর পর টঙ্গীর চাঞ্চল্যকর হাসান হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই ; গ্রেফতার-৩

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৮৯ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :  দীর্ঘ ৮ বছর পর টঙ্গীর দত্তপাড়ার চাঞ্চল্যকর ফার্নিচার কারখানার ম্যানেজার হাসান হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই গাজীপুর। সেই সাথে হত্যাকান্ডের ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে।

গত ১৩ ফেব্রুয়ারী দিবাগত রাতে টঙ্গীর গাজীপুরা এলাকা থেকে আসামী আজিজুল ইসলাম  (২৮)কে, দত্তপাড়া ইসলাপুর এলাকা থেকে হুমায়ুন কবির ওরফে রোমান (৪০)কে এবং দত্তপাড়া হাউজবিল্ডিং এলাকা থেকে জাফর ইকবাল (৪৩)কে গ্রেফতার করা হয়।

নিহত হাসান (৪০) পিরোজপুরের স্বরুপকাঠি থানাধীন সুটিয়াকাঠি এলাকার আউয়াল তালুকদারের ছেলে। তিনি গাজীপুরের টংগী থানাধীন হাসান লেন দত্তপাড়া এলাকার জৈনক হাজী মাঈন উদ্দিনের ফার্নিচার কারখানার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পিবিআই জানায়, ভিকটিমের আত্মীয় স্বজনরা গত ২৯ জানুয়ারি ২০১৫ সালে রাত ৯টার দিকে হাসানের সাথে যোগাযোগ করতে না পেরে ফার্নিচার কারখানার মালিকসহ অন্যান্যরা কারখানার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় হাসানের মরদেহ ফ্লোরে পরে আছে দেখতে পান। পরে  টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাবু তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে টঙ্গী থানার একটি মামলা নং-৪৭ তারিখ- ৩০/০১/২০১৫ দায়ের করেন।

পরে টঙ্গী থানা পুলিশ গত ৩০/০১/২০১৫ খ্রিঃ তারিখ হতে ২০/০৪/২০১৮খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ৩ বছর ২ মাস ২০ দিন তদন্ত করার পর তদন্তকালীন সময় পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার নির্দেশক্রমে মামলাটি সিআইডি গাজীপুরে ন্যস্ত হলে সিআইডি গাজীপুর গত ০২/০৫/২০১৮খ্রিঃ হতে ০৫/০৯/২০২০খ্রিঃ পর্যন্ত মোট প্রায় ২ বছর ৪ মাস ৩ তিন মামলাটি তদন্ত শেষে টঙ্গী পূর্ব থানার চূড়ান্ত রিপোর্ট সত্য নং-৪৪, তারিখ-০৫/০৯/২০২০খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড বিজ্ঞ আদালতে দাখিল করেন।

পরবর্তীতে বিজ্ঞ আদালত স্ব-প্রনোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই গাজীপুর জেলাকে তদন্তের নির্দেশ প্রদান করলে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ হাফিজুর রহমান পিপিএম, পিবিআই গাজীপুর জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করেন।

পরে পিবিআই গাজীপুর  গত ১৩ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ দিবাগত রাতে টঙ্গীর গাজীপুরা থেকে আসামি আজিজুল ইসলাম, দত্তপাড়া ইসলাপুর এলাকা থেকে হুমায়ন কবির ওরফে রোমান এবং দত্তপাড়া হাউজবিল্ডিং এলাকা থেকে জাফর ইকবালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, আসামি আজিজুল, রোমান ও জাফর টংগীর বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সেবন করতো। এছাড়াও তাদের সাথে প্রায় ৮/১০ জনের একটি গ্রুপ ছিলো। যারা টংগী এলাকার বিভিন্ন স্থানে মাদকের আড্ডা বসাতো এবং সবাই মিলে মাদক সেবন করতো। অত্র মামলার ঘটনার সময় গ্রেফতারকৃত আসামি আজিজুল, রোমান,জাফরসহ আরো ৬/৭ জন সহযোগী আসামি মিলে টংগীস্থ দত্তপাড়া দীঘিরপাড় ভিকটিমের কাঠের কারখানার ভেতরে মাদক সেবন করার জন্য প্রবেশ করতে চায়। তখন ভিকটিম হাসান তাদেরকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করে। ইতোপূর্বেও এ সংক্রান্তে ভিকটিম হাসানের সাথে আসামিদের তর্কাতর্কী হয়েছিলো।

ঘটনার দিন গত ২৭ জানুয়ারী ২০১৫ খ্রিঃ আসামিরা জোরপূর্বক কারখানার দরজা খুলে দিতে ভিকটিমকে বাধ্য করে। এর পর আসামিগণ উক্ত কাঠের কারখানার ভেতরে প্রবেশ করে ভিকটিম হাসানকে গালিগালাজ করে এবং মাদক সেবন করতে শুরু করে। তখন ভিকটিম হাসান মাদক সেবন করার জন্য আসামিদেরকে নিষেধ করে। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে এলোপাথারীভাবে হাসানকে মারপিট করতে থাকে। আসামিরা কারখানার ভেতরে থাকা স্ক্রু-ড্রাইভার, হাতুড়িসহ ফার্নিচার তৈরীর অন্যান্য সরঞ্জাম দিয়ে হাসানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে হাসান অচেতন হয়ে পড়লে আসামিগণ ভিকটিমকে কারখানার ভেতরে ফেলে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায়।

গত ১৪ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদেরকে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামি আজিজুল ও রোমান মামলার ঘটনায় নিজেদের ও অন্যান্য জড়িতদের ভূমিকা বিস্তারিত বর্ণনা করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

এ বিষয়ে পিবিআই গাজীপুর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাকছুদের রহমান, বিপিএম বলেন, আমরা দীর্ঘ অনুসন্ধানের পর তথ্য-প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে আসামী আজিজুল, রোমান এবং জাফরকে গ্রেফতার করি। বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদেরকে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামি আজিজুল ও রোমান বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

আর আর /টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর