বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ছাত্রদের স্বেচ্ছাসেবকমূলক কাজ দেখে অভিভূত মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ১২০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ণ

ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য যেভাবে কাজ করেছে, তা দেখে আমি অভিভূত হয়েছি।

আজ বৃহস্পতিবার পঙ্গু হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আন্দোলনে যারা শরিক হয়েছিলেন, তার মধ্যে অসংখ্য ছাত্র ও নাগরিককে আমরা হারিয়ে ফেলেছি। শুধু কি তাই? হাজার হাজার আহত হয়েছে। আজ আমরা হাসপাতালে এসেছি যারা আহত হয়েছেন তাদের দেখার জন্য। এই হাসপাতালে আমরা একটা তালিকা পেয়েছি, সেখানে দেখলাম ৮ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত প্রায় ছয় শ’ও বেশি গুলিবিদ্ধ ইনজুরড ভর্তি হয়েছেন। এই হাসপাতালই নয়, অসংখ্য হাসপাতালেই এরকম চিত্রই দেখা যাবে।

তিনি বলেন, আমি হাসপাতালে যে দৃশ্য দেখেছি, সেটি দেখার মত নয়। ছোট ছোট বাচ্চারা, একেবারে শিশু, তারাও গুলিবিদ্ধ হয়ে ইনজুরড হয়েছে। শ্রমিকরা এখানে ভর্তি হয়েছে। আন্দোলন চলাকালীন এই ইনজুরিগুলো হয়েছে। এ নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাই না।

আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন, যে ভয়াবহ দানব সরকার আমাদের ওপর চেপে বসেছিল, তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের আন্দোলনসহ রাজনৈতিক দল, নাগরিকদের মাধ্যমে। তাদের পতন হয়েছে, তারা পালিয়ে গিয়েছে। ছাত্র আন্দোলনে অংশ নেয়া সবাইকে স্যালুট ও অভিবাদন জানান ফখরুল।

আহত সবাই সেরে উঠবেন- এমন আশাবাদ করে মির্জা ফখরুল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। সহযোগিতার কথা বলেছি।

ছাত্রদের স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি অভিভূত হয়েছি। ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য কিভাবে কাজ করছেন। গণতন্ত্র ফিরে আনার আন্দোলনে তারা অগ্রণী সেনার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রদের পক্ষ থেকে ও গোটা জাতির পক্ষ থেকেই নোবেল বিজয়ী ডাক্তার ইউনুসকে মনোনীত করা হয়েছে। তার মতো মানুষের সফল নেতৃত্বে দেশের বর্তমান পরিস্থিতি সেরে উঠবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর