বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

বড় সংঘাতের শঙ্কা নেই, জিরো টলারেন্সে নেত্রী: কাদের

ডেস্ক রিপোর্ট / ২৪৬ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:২২ অপরাহ্ণ
ফাইল ছবি

সংঘাতের ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে রয়েছেন জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ঘিরে বড় কোনো সংঘাতের আশঙ্কা নেই।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সংঘাতের আশঙ্কা আমাদের এ অঞ্চলে সব সময়ই থাকে। তবে বড় ধরনের সংঘাত হওয়ার আশঙ্কা করছি না। এ ব্যাপারে জিরো টরালেন্সে নেত্রী।‘আওয়ামী লীগ হোক কিংবা স্বতন্ত্র হোক, যারা নির্বাচনী পরিবেশ নষ্ট করবে, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে, এটা দলের পক্ষ থেকে প্রত্যাশা’, উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের বিরুদ্ধে বিএনপি লিফলেট বিতরণ করবে কেন? অসহযোগ করবে কেন? আসলে নির্বাচনের বিরুদ্ধে শান্তির প্রোগ্রাম হয় না। শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই বিএনপির এই প্রোগ্রাম।

‘নির্বাচন বাধাগ্রস্ত করতে যারা ভিসা নীতির নিষেধাজ্ঞা নিয়ে এত কথা বলল, তাদের ভিসা নীতির আওতায় আনা হবে বলে মনে করছি- এটা তো আমেরিকারই বহুল প্রচারিত কথা। এনডিআইসহ যে পাঁচজন মার্কিন প্রতিনিধি এখন বাংলাদেশে আছেন, এ বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি’, যোগ করেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, নির্বাচন সংক্রান্ত যত অভিযোগ, সেটা নির্বাচন কমিশন (ইসি) দেখছে। ইসি স্বাধীন প্রতিষ্ঠান। আচরণবিধি যাতে মানা হয়, বিশৃঙ্খলা হলে দেখার দায়িত্ব তাদের। এ ব্যাপারে আমি কোনো দল বুঝি না। নৌকা বা স্বতন্ত্র যাই হোক, যেসব কর্মকাণ্ডে নির্বাচনী আচরণবিধি বিঘ্নিত হবে, বিশৃঙ্খলা হবে, ইসি শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এতে দল হিসেবে আওয়ামী লীগ আপত্তি করবে না। ইসি যে পদক্ষেপ নেবে, সেটাকে সমর্থন করি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগেভাগে সব বলে ফেললে, ইশতেহার প্রকাশের জন্য আলাদা দিন কেন রাখা?

‘ইশতেহার আমরা প্রকাশ করব, দেশি- বিদেশি অনেককেই আমন্ত্রণ জানাব। যারা নির্বাচন বর্জন করেছে, তাদের কেন আমন্ত্রণ জানাব? তারা তো সে অধিকার হারিয়েছেন। তবে নির্বাচনের পক্ষে যারা আছেন, তারা আমন্ত্রণ পাবেন’, যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘যারা আসছে না, তারা বলতে পারবে কেন আসছে না ভোটে। আমাদের সবকিছু শতভাগ পারফেক্ট, সে দাবিও আমরা করি না।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদারকে বিএনপির খাস দালাল বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, রুহুল কবির রিজভী (বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব) যা বলেন, তিনিও তাই বলেন।

এসময় সংখ্যালঘুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদেরকে আমরা বিভক্ত করে দেখতে চাই না।’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর